রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দুজনকে গ্রেফতার করেছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে গুলশান-১-এর ভোলা মসজিদের সামনে থেকে মিছিল বের করার চেষ্টা করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ এগিয়ে গেলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকশ মানুষ মিছিলে অংশ নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছোড়ে।
গুলশান থানার ওসি দাউদ হোসেন সময়ের আলোকে জানান, ভোলা মসজিদের সামনে থেকে মিছিলটি বের করার চেষ্টা করা হয়। তখন পুলিশ ছত্রভঙ্গ করার চেষ্টা করলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে।
সময়ের আলো/এমকে