বাগেরহাটের মোরেলগঞ্জে ২৪ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত কবির বয়াতিকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বারইখালী ফেরিঘাট এলাকা থেকে তাকে পুলিশ গ্রেফতার করে।
কবির বয়াতি উপজেলার উত্তর সূতালড়ী গ্রামের ছত্তার বয়াতির ছেলে।
কবির বয়াতীর নামে ঢাকার যাত্রাবাড়ি, বাগেরহাট সদর, ফকিরহাট ও মোরেলগঞ্জ থানায় মারপিট, চুরি, ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে ২৪ টি মামলা রয়েছে। এর মধ্যে, ২১টি মামলায় সে অভিযুক্ত।
মোরেলগঞ্জ থানার ওসি মো. শহিদুল্লাহ বলেন, কবির বয়াতি দুর্ধর্ষ ডাকাত এবং তালিকাভুক্ত জলদস্যু। সে এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের পৃথক দুটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বিকেলে একটি হত্যা মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে আদালতে সোপর্দ করা হয়েছে।
সময়ের আলো/আতা