ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ভারী বৃষ্টি ও বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্ত দিয়ে ১০ থেকে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির বাধায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরার নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) আওতাধীন খুরমী বিওপি থেকে দক্ষিণে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে কালিন্দী নদীর মধ্যবর্তী চর এলাকায় এ ঘটনা ঘটে। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় বিজিবি।
বিজিবি জানায়, ছোট বাঁশঝাড়িয়া মিনি ফরেস্ট এলাকায় ভারতের ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের চর সাহেবখালী ক্যাম্পের সদস্যরা একটি দেশীয় নৌকা ও একটি স্পিডবোট নিয়ে ওই ১০ থেকে ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন।
খুরমী বিওপির টহলদলের নজরে বিষয়টি আসার পর বিজিবির সদস্যরা ভারী বৃষ্টি উপেক্ষা করে স্পিডবোটে ঘটনাস্থলে পৌঁছান। তারা ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশে ঢোকাতে পারেনি।
বিজিবির ভাষ্য অনুযায়ী, পরে বেলা ১১টার দিকে বিএসএফ সদস্যরা ওই ১০ থেকে ১২ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, পুশইন প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি, টহল ও অপারেশনাল কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
তিনি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত রয়েছে।
সময়ের আলো/এসএকে