গোলাম মাহবুব ছোবহানী। ছবি : সংগৃহীতকুমিল্লার লাকসামে প্রাণনাশের হুমকি, গালাগাল ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে গোলাম মাহবুব ছোবহানী নামে এক সাংবাদিক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে লাকসাম থানায় তিনি এ জিডি করেন।
জিডি সূত্রে জানা যায়, গোলাম মাহবুব ছোবহানী লাকসাম প্রেস ক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক। তিনি দৈনিক মাতৃছায়া পত্রিকার লাকসাম উপজেলা প্রতিনিধি এবং বাংলা নিউজ টোয়েন্টিফোরের ডিজিটাল বিভাগের কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি হিসেবে কর্মরত।
পাশাপাশি তিনি ‘লাকসাম সিটি নিউজ’ নামে একটি ফেসবুক পেজ ও একই নামে একটি অনলাইন নিউজ পোর্টাল পরিচালনা করেন।
অভিযোগে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয়ে সংবাদ প্রকাশের জেরে মনজুরুল হক নামে এক ব্যক্তির কাছ থেকে হুমকি পেয়েছেন ওই সাংবাদিক।
অভিযুক্ত ব্যক্তির বাড়ি পাশের নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের নূরপুর গ্রামে।
জিডিতে উল্লেখ করা হয়, গত ২৪ সেপ্টেম্বর লাকসাম কলেজের এক ছাত্রীকে হেনস্তার ঘটনা নিয়ে ১৮ অক্টোবর নিজের পরিচালিত ‘লাকসাম সিটি নিউজ’ ফেসবুক পেজে একটি পোস্ট দেন সাংবাদিক গোলাম মাহবুব ছোবহানী।
ওই পোস্টকে কেন্দ্র করে প্রথমে হোয়াটসঅ্যাপে এবং পরে পেজের ইনবক্সে মনজুরুল হক নামে এক ব্যক্তি তাঁকে অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং প্রাণনাশের হুমকিসহ বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে জিডিতে উল্লেখ করেন তিনি।
জিডিতে আরও বলা হয়, বিষয়টি নিয়ে লাকসাম প্রেস ক্লাবের নেতাদের সঙ্গে আলোচনা করলে তারা আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি থানায় সাধারণ ডায়েরি করেন।
গোলাম মাহবুব ছোবহানী বলেন, মনজুরুলের হুমকি, ধমকি ও অশালীন আচরণের যাবতীয় প্রমাণ আমার কাছে রয়েছে। প্রাথমিকভাবে থানায় সাধারণ ডায়েরি করেছি। প্রয়োজনে এ বিষয়ে সাইবার ট্রাইব্যুনালে মামলা করব।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত মনজুরুল হকের বক্তব্য জানার চেষ্টা করেও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সময়ের আলো/আতা