প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:২১ পিএম
১৫ দিনের ব্যবধানে লালন মাজারের দানবাক্সে মিলল ৮ লাখ টাকা। ছবি : সময়ের আলো১৫ দিনের ব্যবধানে আবারও খোলা হলো কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় অবস্থিত ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ির মাজারের দানবাক্স। দুটি দানবাক্সে মোট ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা পাওয়া গেছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকদের উপস্থিতিতে দানবাক্স দুটির সিলগালা ভেঙে খোলা হয়। পরে লালন একাডেমি ভবনের চার তলায় প্রায় তিন ঘণ্টা ধরে টাকা গণনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাকির হোসেন, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাইসুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার।
এর আগে, গত ১০ অক্টোবর প্রথমবারের মতো প্রকাশ্যে দানবাক্স খুলে টাকা গণনা করা হয়। সেদিন পাওয়া যায় ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা। পরদিন রোববার ওই টাকা লালন অ্যাকাডেমির ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়।
কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাইসুল ইসলাম বলেন, ফকির লালন সাঁইয়ের দুটি উৎসবকে কেন্দ্র করে বছরে চারবার দানবাক্স খোলা হয়। এরই ধারাবাহিকতায় লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসের সাত দিন পর দানবাক্স খুলে ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা পাওয়া গেছে। টাকাগুলো সোমবারই নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দেওয়া হবে।
সময়ের আলো/আতা