প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:০৬ পিএম
মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবা নিহত। ছবি : সময়ের আলোগাজীপুরের কালিয়াকৈরে মাদক সেবনের জন্য টাকা না পেয়ে ছেলের লাঠির আঘাতে বাবা নিহতের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে অর্ণব চক্রবর্তী পলাতক রয়েছেন। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ছেলের মা আভা চক্রবর্তীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঢালজোড়া ইউনিয়নের চিনাইল দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লভলাল চক্রবর্তী (৫৭) বাড়ি উপজেলার ঢারজোড়া ইউনিয়নের চিনাইল এলাকার ইন্দ্রমোহনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, অর্ণব চক্রবর্তী দীর্ঘদিন ধরে মাদক সেবনে জড়িত। এর আগে তাকে তিনবার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছিল বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, মাদক সেবনের জন্য টাকা না পেলে তিনি প্রায়ই তার বাবাকে মারধর করতেন।
এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় মাদক সেবনের জন্য বাবার কাছে টাকা চান অর্ণব। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি লাঠি দিয়ে বাবাকে আঘাত করেন। এতে লভলাল চক্রবর্তী মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাকে আটক করা হয়েছে।
ঢালজোড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনায়েত হোসেন গজনবী জানান, দীর্ঘদিন ধরে ওই ছেলেটি মাদকাসক্ত। এর আগেও বাবা-মাকে টাকার জন্য বারবার মারধর করেছে। তাকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছিল।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মুক্তার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সময়ের আলো/আতা