কুমিল্লায় ধর্ষণের শিকার তরুণীর নবজাতক উদ্ধার, গ্রেফতার ৪। ছবি : সময়ের আলোকুমিল্লার চৌদ্দগ্রামে ধর্ষণের শিকার এক তরুণীর নবজাতক ছেলেসন্তান দেড় লাখ টাকার বিনিময়ে অন্যত্র বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে নবজাতককে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। শিশুটিকে হস্তান্তরের জন্য ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে করা একটি চুক্তিপত্রও জব্দ করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এসব তথ্য জানান। গ্রেফতার ব্যক্তিরা হলেন জোবেদা আক্তার সানজিদা (৩৫), নজরুল ইসলাম মনির (৪৮), স্বপ্না বেগম ও রিপন। পুলিশের ভাষ্য, শিশুটির পিতৃপরিচয় গোপন করার উদ্দেশ্যে তাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল। উদ্ধার করা চুক্তিপত্রে দেড় লাখ টাকার বিনিময়ে নবজাতক হস্তান্তরের কথা উল্লেখ রয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের কালকোট গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তরুণী খাদিজা আক্তারের (২১) অভিযোগ, একই গ্রামের আবির হোসেন (১৯) বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। গত ২৩ অক্টোবর চৌদ্দগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তিনি ছেলেসন্তানের জন্ম দেন।
ভুক্তভোগী পরিবারের ভাষ্য, খাদিজার বাবা প্রায় ১২ বছর আগে মারা যান। তাঁর মা অসুস্থ বৃদ্ধা নানির চিকিৎসার জন্য দীর্ঘ সময় ঢাকার হাসপাতালে অবস্থান করছিলেন। ওই সময় বাড়িতে একা থাকার সুযোগে আবির একাধিকবার তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ। ভয়ে প্রথম দিকে বিষয়টি কাউকে জানাননি খাদিজা। পরে তাঁর শারীরিক অবস্থার পরিবর্তন দেখে মা বিষয়টি জানতে পারেন।
পরিবারের অভিযোগ, বিষয়টি জানাজানি হওয়ার পর অভিযুক্তের পরিবার প্রথমে তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বিয়ের আশ্বাস দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। পরিবারের দাবি, সমঝোতার অংশ হিসেবে তিন লাখ টাকা দেওয়ার কথা বলা হয়েছিল।
ভুক্তভোগী পরিবারের আরও অভিযোগ, গত শুক্রবার রাতে খাদিজার প্রসবব্যথা উঠলে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে স্বাভাবিক প্রসবের মাধ্যমে ছেলেসন্তানের জন্ম হয়। জন্মের পরপরই অভিযুক্ত পক্ষের লোকজন নবজাতককে নিয়ে যান। খাদিজার বড় বোনের দাবি, শিশুটিকে ৫০ হাজার টাকার বিনিময়ে অন্যত্র বিক্রি করা হয়েছে বলে তাঁরা জানতে পেরেছিলেন। তবে পুলিশের উদ্ধার করা চুক্তিপত্রে দেড় লাখ টাকার কথা উল্লেখ রয়েছে।
স্থানীয়ভাবে সালিশে যুক্ত থাকার অভিযোগ ওঠা এক ব্যক্তি দাবি করেছেন, তিনি অভিযুক্তের চাচার দোকানে বসেছিলেন। অন্যরা বাড়ির ভেতরে গিয়ে সমঝোতা করেছেন বলে তিনি শুনেছেন। তবে সমঝোতার অর্থের পরিমাণ বা নবজাতক হস্তান্তরের বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন তিনি। অভিযুক্ত আবিরের চাচাও এ ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন।
পুলিশ সুপারের নজরে আসার পর জেলা গোয়েন্দা শাখা ও চৌদ্দগ্রাম থানা-পুলিশ যৌথভাবে অভিযান শুরু করে। গোয়েন্দা তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় শিশুটির অবস্থান শনাক্ত করে তাকে উদ্ধার করা হয়। তবে শিশুটিকে কোথা থেকে উদ্ধার করা হয়েছে, তা পুলিশ বিস্তারিত জানায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, নবজাতক হস্তান্তরের ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং মানবপাচার প্রতিরোধ ও দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সময়ের আলো/আতা