টাঙ্গাইলের কালিহাতী উপজেলার যমুনা থানাঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনসহ মোট পাঁচজনকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম অকেজো করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, কালিহাতীর যমুনা থানাঘাট এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে যমুনা নদী থেকে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন।
অভিযানে অবৈধ বালু ব্যবসার সঙ্গে জড়িত সোলাইমানকে ২ লাখ টাকা এবং মিরাজ নামে আরেক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বালু পরিবহনে জড়িত থাকার অপরাধে তিন শ্রমিককে পৃথকভাবে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ওই জরিমানার অর্থ সংশ্লিষ্ট শ্রমিকদের নিয়োগদাতা মালিকেরা পরিশোধ করেন।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ভেকুর (খননযন্ত্র) সিলিন্ডার হেড ভেঙে তাতে বালু ঢুকিয়ে ইঞ্জিনটি স্থায়ীভাবে বিকল করে দেওয়া হয়। এ সময় একটি ব্যাটারিও জব্দ করা হয়েছে।
কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোহাইমিনুল ইসলাম বলেন, যমুনা নদী ও আশপাশের ফসলি জমি রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসন কোনো ছাড় দেবে না।
সময়ের আলো/জোই