আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার (১২ সেপ্টেম্বর) কমানো দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ।
বুধবার বাজুস প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত কমানোর ঘোষণা দেয়। নতুন দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গয়না বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকায়। ২১ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলংকারের নকশা অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে। স্বর্ণ ও রৌপ্য অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।
এদিকে স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৯১ টাকায় বিক্রি হচ্ছে।
সময়ের আলো/এমকে