ঝালকাঠির রাজাপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে উপজেলা যুবদলের এক নেতার ছেলেসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার বড় কৈবর্তখালী ও কানুদাসকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০ গ্রাম গাঁজা ও চারটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন রাজাপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়নের বড় কৈবর্তখালী এলাকার মো. কামরুল ইসলাম ওরফে জাকির মোল্লার ছেলে মো. মাহমুদুল হাসান ওরফে লিমন (২২), একই এলাকার মো. মোশারেফ সিকদারের ছেলে মো. রিয়াজুল ইসলাম হৃদয় (২০) এবং গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি এলাকার মো. মোশারেফ শরীফের ছেলে মো. আলী হোসেন শরীফ (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বড় কৈবর্তখালীর গাজীবাড়ি এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় লিমন ও হৃদয়কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও চারটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এর আগে রাত সাড়ে ৯টার দিকে কানুদাসকাঠি এলাকায় অভিযান চালিয়ে আলী হোসেন শরীফকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে রাজাপুর থানায় পৃথক দুটি মামলা করেছে।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ কামাল বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে তাদের ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।
সময়ের আলো/আতা