জেলা (ডিবি) গোয়েন্দা পুলিশ কার্যালয়ে ডিবি ওসির যোগসাজশে জেলা প্রেসক্লাব সম্পাদক জহুরুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পাবনা। ষড়যন্ত্রের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন জেলার গণমাধ্যমকর্মীরা।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডে জেলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে জেলার কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিপুলসংখ্যক সাংবাদিক অংশ নেন। মানববন্ধন থেকে সাংবাদিক নেতারা এই ষড়যন্ত্রকে স্বাধীন সাংবাদিকতার ওপর বড় আঘাত হিসেবে উল্লেখ করেন।
মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিক নেতারা অভিযোগ করেন, একটি চক্র স্থানীয় ডিবি গোয়েন্দা পুলিশের সহায়তায় এক নারীকে দিয়ে পাবনা প্রেসক্লাবের সম্পাদককে জড়িয়ে ষড়যন্ত্রমূলকভাবে কুরুচিপূর্ণ ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চরিত্রহরণমূলক নানা মিথ্যা তথ্য প্রচার করেছে। ডিবি কার্যালয়ে ডিবি পুলিশের সম্মুখেই ওই নারীকে শিখিয়ে দেওয়া মিথ্যা ভিডিও বানানো হয়েছে।
উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ভিডিও শুধু একজন মানুষকে নয়, জেলার সম্মান পাবনা প্রেসক্লাবের কর্মরত সকল সাংবাদিকের সম্মানহানি করা হয়েছে বলেও দাবি করেন তারা।
প্রেসক্লাবের সদস্যকে জড়িয়ে যারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চাইছে বলেও অভিযোগ আনেন তারা। এ সময় ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার পাশাপাশি অভিযুক্ত ডিবি অফিসারকে দ্রুত অপসারণেরও দাবি জানান সাংবাদিকেরা।
মানববন্ধন কর্মসূচি শেষে পাবনা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ডিবি অফিসারকে অপসারণসহ এই ঘটনার সাথে সম্পৃক্তদের আইনের আওতায় না আনা হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সম্পাদক প্রবীণ সাংবাদিক আব্দুল মতিন খান, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক উৎপল মির্জা, প্রবীণ সাংবাদিক মির্জা আজাদ, সাবেক সভাপতি রুমি খন্দকার, সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ, আব্দুল হামিদ খান, সাবেক সম্পাদক সৈকত আফরোজ, ড. নরেশ মধু, সাংবাদিক জিকে সাদী, সম্পাদক শহিদুর রহমান শহীদ, কাজী বাবলা, সাংবাদিক সিফাত রহমান, প্রথম আলোর খান সারোয়ার মোর্শেদসহ পাবনা প্রেসক্লাবের কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। মানববন্ধন সঞ্চালনা করেন ক্লাব সদস্য ইয়াদ আলী মৃধা পাভেল প্রমুখ।
সময়ের আলো/আতা