ময়মনসিংহের গফরগাঁওয়ে পাথরবাহী একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় ৬ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে রোববার বিকেল ৫টা ১০ মিনিটের দিকে দক্ষিণ গফরগাঁও উপজেলার গোলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হানিফ আলী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পাথরবাহী মালবাহী ট্রেনটি কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ি এলাকায় পৌঁছালে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়।
পরে লাইনচ্যুত বগিটি ঘটনাস্থলেই রেখে বাকি বগিগুলো নিয়ে ট্রেনটিকে মশাখালী রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয়।
স্টেশন মাস্টার আরও জানান, লাইনচ্যুতের কারণে ঢাকা-ময়মনসিংহ রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে দ্রুত রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে রাত পৌনে ১১টায় উদ্ধারকাজ শেষ করে। এরপর রাত ১১টা থেকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে রেলওয়ে সূত্র জানায়।
এই ৬ ঘণ্টায় এ রোডের বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকে থাকায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে।
সময়ের আলো/আতা