সিরাজগঞ্জের তাড়াশে এক কৃষকের গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় আট লাখ টাকা।
রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোনো একসময়ে তাড়াশ পৌরসভার খুটিগাছা গ্রামের কৃষক হায়দার আলীর বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। এতে এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গোয়ালঘরে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন কৃষক হায়দার আলী। রাতের আঁধারে সংঘবদ্ধ চোরের দল গোয়ালঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং একে একে ৮টি গরু নিয়ে চম্পট দেয়। সকালে গোয়ালঘরে গিয়ে গরু দেখতে না পেয়ে পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন। পরে আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোনো সন্ধান মেলেনি।
ভুক্তভোগী কৃষক হায়দার আলী জানান, এই গরুগুলোই ছিল তার পরিবারের মূল সম্বল। একসঙ্গে সব কটি গরু হারিয়ে তিনি এখন পথে বসার উপক্রম হয়েছেন এবং বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, ইদানীং রাতে অপরাধপ্রবণতা বেড়ে যাওয়ায় এ ধরনের ঘটনা ঘটছে। এলাকা থেকে চুরি রোধে রাতে জোরালো পাহারা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর জানান, পুলিশ চুরির বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। চুরি যাওয়া গরুগুলো উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত চোর চক্রের সদস্যদের শনাক্ত করতে অভিযান চলছে।
সময়ের আলো/জোই