নেত্রকোনায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দেয়ালে ধাক্কা লেগে ফারুক আহমেদ পারুল ভুঁইয়া (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে নেত্রকোনা সদর উপজেলার নেত্রকোনা-কেন্দুয়া সড়কের মদনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক আহমেদ কেন্দুয়া পৌরসভার চন্দ্রগাতী গ্রামের মৃত জমুর উদ্দিন ভুঁইয়ার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে ফারুক আহমেদ মোটরসাইকেলযোগে কেন্দুয়া থেকে নেত্রকোণা সদরের দিকে যাচ্ছিলেন। পথে মদনপুর এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি সজোরে সড়কের পাশের একটি দেয়ালে গিয়ে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
সময়ের আলো/জোই