নেত্রকোণার খালিয়াজুরীতে বাড়ির পাশে হাওরের পানিতে ডুবে ওবায়দুল্লাহ (৫) ও শাহাদত (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওবায়দুল্লাহ ও শাহাদত খালিয়াজুরীর কৃষ্ণপুর ইউনিয়নের জাহেরপুর গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে এবং শাহাদত একই গ্রামের মো. সেকুল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে দুই শিশু জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খেলছিল। এক পর্যায়ে তারা পাশের হাওরের পানিতে পড়ে তলিয়ে যায়। পরে শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজার এক পর্যায়ে স্থানীয়রা পানির নিচ থেকে তাদের উদ্ধার করেন। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়। খালিয়াজুরী থানার উপপরিদর্শক (এসআই) মো. মঞ্জুর মিয়া ঘটনাস্থলে গিয়ে শিশু দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন বলেন, আইনি কার্যক্রম শেষে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সময়ের আলো/এনএন