রাজস্ব ভবনে বহিরাগতদের প্রবেশ বেড়ে যাওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের জন্য ভবনে প্রবেশে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) এনবিআরের পক্ষ থেকে জারি করা এক নোটিশে জানানো হয়, মঙ্গলবার থেকে এনবিআর ও রাজস্ব ভবনের অন্যান্য দফতরে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে দাফতরিক পরিচয়পত্র ব্যবহার করে ভবনে প্রবেশ করতে হবে।
নোটিশে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে রাজস্ব ভবনে বহিরাগতদের প্রবেশ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে ভবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হওয়ায় বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, রাজস্ব ভবনে কর্মরত প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর প্রবেশের সময় দাফতরিক পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এ নির্দেশনা কার্যকর হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নেওয়া এই পদক্ষেপের ফলে রাজস্ব ভবনে প্রবেশের ক্ষেত্রে আগের তুলনায় নিয়ন্ত্রণ বাড়বে।
সময়ের আলো/এমকে