প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৮ পিএম আপডেট: ১৫.০৯.২০২৬ ৩:২১ পিএম
শামা ওবায়েদ। ছবি : সংগৃহীত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে বাংলাদেশ আন্তর্জাতিক সহযোগিতা চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ ভবনে জলবায়ু বিষয়ক সেমিনারে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ প্রায় এক দশক ধরে ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। এতে জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের ওপর তৈরি হয়েছে বাড়তি পরিবেশগত চাপ। তাই, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় মিয়ানমারে প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ।’
শামা ওবায়েদ বলেন, ‘আসন্ন কপ সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসনসহ পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা চাইবেন প্রধানমন্ত্রী। তাছাড়া, জলবায়ু অর্থায়ন আরও অনুদানভিত্তিক করাসহ ৪টি দাবি তুলে ধরা হবে। জলবায়ু অর্থায়ন ঋণ হিসেবে নয়, কার্যকর সহায়তা হিসেবে চায় বাংলাদেশ।’
জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে বাংলাদেশের ৪টি প্রধান দাবির মধ্যে রয়েছে- প্রতিশ্রুতি নয়, লস অ্যান্ড ড্যামেজ ফান্ড ও ক্লাইমেট ফান্ডের অর্থ বাস্তবে পৌঁছানো; জলবায়ু অর্থায়ন আরও সহজ, অনুদানভিত্তিক ও ঋণের বোঝামুক্ত করা; শ্রমিক ও জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা করে ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করা এবং জলবায়ু নীতিতে জেন্ডারভিত্তিক বা নারী-সংবেদনশীল দৃষ্টিভঙ্গি নিশ্চিত করা।
এ সময় পাটজাত পণ্যকে পরিবেশবান্ধব ও বায়োডিগ্রেডেবল ন্যাচারাল ফাইবার হিসেবে বিশ্বে তুলে ধরার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘জলবায়ু সংকট মোকাবিলায় পাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
সরকারের রাজনৈতিক অঙ্গীকার অনুযায়ী, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকবে বলে আশাবাদ জানান তিনি।
সময়ের আলো/মহু