নির্বাচন কমিশনকে জনগণ ‘কমেডি সেন্টার’ হিসেবে দেখতে চায় না, বরং আস্থার প্রতিষ্ঠান হিসেবেই দেখতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষতা অক্ষুণ্ন রাখা জরুরি। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কমিশনের একের পর এক পরস্পরবিরোধী ও বিভ্রান্তিকর বক্তব্য জনমনে অপ্রয়োজনীয় প্রশ্নের জন্ম দিচ্ছে।
তিনি বলেন, একদিকে সম্ভাব্য নির্বাচনী সময়সূচি নিয়ে ঘোষণা দেওয়া হচ্ছে, অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। আবার নির্বাচন কমিশনও বলছে, নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি।
এনসিপির এই নেতা আরও বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কমিশনের বক্তব্যে একক অবস্থান, স্পষ্টতা, সমন্বয় ও তথ্যের ভিত্তি থাকা প্রয়োজন।
পাটওয়ারী বলেন, জনগণের আস্থা নিয়ে কোনো ধরনের অস্পষ্টতা তৈরি হওয়া কাম্য নয়। জনগণ নির্বাচন কমিশনকে ‘কমেডি সেন্টার’ নয়, বরং আস্থার কেন্দ্র হিসেবেই দেখতে চায়।
সময়ের আলো/এসএকে