দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও সক্ষম করে তুলতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের কথা জানান।
বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন।
সাক্ষাতে স্থানীয় সরকার ব্যবস্থার সক্ষমতা বাড়ানো, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্টদের জন্য যৌথ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ইউএনডিপির সহযোগিতার বিষয়ও আলোচনায় আসে।
মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, জনগণের কাছে সরকারি সেবা দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি জরুরি। স্থানীয় পর্যায়ে দক্ষতা উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে ইউএনডিপির কারিগরি অভিজ্ঞতা সরকারের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হতে পারে।
তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার সঙ্গে দেশের সামগ্রিক উন্নয়ন ও এসডিজি বাস্তবায়ন সরাসরি সম্পর্কিত। এ কারণে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এ খাতে আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সংশ্লিষ্টদের প্রস্তুতি ও দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের গুরুত্ব রয়েছে। ইউএনডিপির সঙ্গে যৌথভাবে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হলে স্থানীয় সরকার ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি সরদার আসাদুজ্জামান ও আনোয়ারুল হক, আন্তর্জাতিক প্রকল্প ব্যবস্থাপক যুগেশ প্রধানাং এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এসএকে