কুষ্টিয়ার দৌলতপুরে কবর খুঁড়ে কথিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ তুলে তার দরবারে নিয়ে কবর দেওয়ার অভিযোগে লালা প্রামাণিক (৪২) নামে ভক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার লালা প্রামাণিক ওই এলাকার মৃত মেছের প্রামাণিকের ছেলে ও নিহত পীর শামীম জাহাঙ্গীরের ভক্ত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ সেপ্টেম্বর রাতে ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকার দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর কবরস্থান থেকে শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ তুলে নেওয়া হয়। পরে তার প্রতিষ্ঠিত দরবারে নিয়ে পুনরায় দাফন করা হয়। পরদিন সকালে বিষয়টি শামীম জাহাঙ্গীরের স্বজনদের নজরে আসে।
খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কবরটি খোঁড়া অবস্থায় দেখতে পান। পরে প্রশাসনের নির্দেশে দরবার শরিফ প্রাঙ্গণে খোঁড়া নতুন কবর থেকে দেহাবশেষ উদ্ধার করা হয়। ওই দিন বিকেল ৪টার দিকে দেহাবশেষগুলো উপজেলার দক্ষিণ-পশ্চিম কবরস্থানে পুনরায় দাফন করা হয়। এ ঘটনায় শামীমের ভাই ফজলুর রহমান বাদী হয়ে ওই রাতেই দৌলতপুর থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন।
পুলিশ জানায়, মামলা দায়েরের পর তদন্তে ঘটনার সঙ্গে শামীমের এক ভক্তের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে লালা প্রামাণিককে গ্রেফতার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক নাসির উদ্দিন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে লালা প্রামাণিককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ঘটনার পর মামলা নিয়ে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে ওই পীরের এক মুরিদের (ভক্ত) সংশ্লিষ্টতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে সোমবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার লালা প্রামাণিককে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
সময়ের আলো/এনএন