ইরানে উড্ডয়নের পর একটি বিমানের ইঞ্জিনে তীব্র কম্পন শুরু হলে কেবিনের ছাদের আস্তরণ খুলে পড়ে। এতে বিমানের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যাত্রীরা চিৎকার শুরু করেন। তবে কোনো যাত্রী আহত হননি এবং সবাইকে নিরাপদে বিমান থেকে নামানো হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উড্ডয়নের সময় বিমানের একটি চাকা ফেটে যায়। এ সময় চাকার কিছু অংশ ছিটকে ইঞ্জিনে ঢুকে সেটি ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর পর একটি ইঞ্জিনে তীব্র কম্পন শুরু হয়। সেই কম্পনের প্রভাবে বিমানের কেবিনের ছাদের আস্তরণ অনেকগুলো আসনের ওপর থেকে খুলে পড়ে। যাত্রীদের ধারণ করা মোবাইল ফোনের ভিডিওতে ঘটনার আতঙ্কজনক দৃশ্য দেখা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, বিমানটি ইরানের একটি অভ্যন্তরীণ রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছিল। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি উড্ডয়ন করতে সক্ষম হলেও পাইলট জরুরি অবস্থা ঘোষণা করে দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেন।
অবতরণের সময় ইঞ্জিনের তীব্র কম্পনের কারণে কেবিনের ছাদের আস্তরণ খুলে পড়তে থাকে। পরে যাত্রীদের নিরাপদে বিমান থেকে সরিয়ে নেওয়া হয়।
ঘটনার কারণ সম্পর্কে আনুষ্ঠানিক তদন্তের তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলো চাকা ফেটে যাওয়ার পর ইঞ্জিনে ক্ষয়ক্ষতির সম্ভাবনাকে প্রাথমিক কারণ হিসেবে উল্লেখ করেছে।
সময়ের আলো/কেএইচ