নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে মো. আইয়ুব হোসেন (৫০) নামে এক ভাঙারি ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জামির হোসেন নামে এক নিরাপত্তা প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কাঁচপুরে জালালাবাদ ওষুধ কোম্পানির একটি ভাঙারি গোডাউনের পেছনের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আইয়ুব হোসেন কাঁচপুর উত্তরপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে। তিনি স্থানীয়ভাবে ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত থেকে আইয়ুব হোসেন নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। পরে বুধবার সকালে কাঁচপুরে জালালাবাদ ওষুধ কোম্পানির একটি ভাঙারি গোডাউনের পেছনের ডোবায় স্থানীয়রা একটি বস্তা পড়ে থাকতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশের একটি দল বস্তাটি উদ্ধার করে। পরে বস্তা খুলে ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় আইয়ুব হোসেনের মরদেহ পাওয়া যায়। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নারায়ণগঞ্জের ‘খ’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, আইয়ুব হোসেনকে অন্য কোথাও হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে ডোবায় ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
সময়ের আলো/এনএন