জনপ্রিয় টিভি অভিনেত্রী দীপা খন্দকার সম্প্রতি কাজ করলেন নতুন দুই ধারাবাহিক নাটকে। এগুলো হলো— ‘বকুলপুর সিজন ৩’ ও ‘ফিরে আসার গল্প’। প্রথমটি পরিচালনা করেছেন রেজাউল হাসান ও পরেরটি মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
নতুন কাজগুলো প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, হাসান রেজাউলের পরিচালনায় বেশ কয়েক বছর আগে একটি নাটকে অভিনয় করেছিলাম। ধারাবাহিকে এবারই প্রথম তার নির্দেশনায় কাজ করা। রেজাউল বেশ যত্ন নিয়ে কাজ করে। মেহেরজান চরিত্রটিও আমার খুব ভালো লেগেছে। যে কারণে চরিত্রটি নিয়ে আমি খুব আশাবাদী। আর রাজের ‘এটা আমাদেরই গল্প’-এ দর্শক আমাকে একরকম দেখেছিলেন। এবার ‘ফিরে আসার গল্প’-এ আমাকে ভিন্নরূপে দেখতে পাবেন। দুটি ধারাবাহিকই প্রচারে এলে আশা করছি দর্শকের ভালো লাগবে।
মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক ফিরে আসার গল্পতে তার সহশিল্পী জাহিদ হাসান। এর আগে রাজের ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে ফাতেমা ফুপু চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছিলেন দীপা। তবে নতুন ধারাবাহিকে তাকে একেবারেই ভিন্ন চরিত্রে দেখা যাবে।
আর শিগগিরই দীপ্ত টিভিতে প্রচার শুরু হতে যাওয়া ‘বকুলপুর সিজন ৩’ ধারাবাহিকের অন্যতম প্রধান চরিত্র মেহেরজান রূপে দেখা যাবে দীপা খন্দকারকে। আহমেদ শাহাবুদ্দিন রচিত ধারাবাহিকটিতে মেহেরজান গ্রামের একজন রাজনীতিবিদ। এমন চরিত্রে এবারই প্রথম অভিনয় করছেন দীপা।
এদিকে সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে মহিন খান পরিচালিত মিনি সিরিজ ‘কর্মফল’। এতে একেবারেই ভিন্ন ও চ্যালেঞ্জিং একটি চরিত্রে অভিনয় করে প্রশংসা পাচ্ছেন দীপা খন্দকার।
সময়ের আলো/প্রিন্ট/আতা