চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মনিরা নামের পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মনিরা সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদ এলাকার নুরুন্নবীর মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে তীব্র জ্বর ও শারীরিক দুর্বলতায় ভুগছিল মনিরা। মঙ্গলবার তাকে সীতাকুণ্ড পৌরসদরের একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। সেখানে এনএস১ পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
চিকিৎসকদের বরাত দিয়ে পরিবারের সদস্যরা জানান, মনিরাকে হাসপাতালে নিতে কিছুটা দেরি হয়েছিল।
স্থানীয় ও মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী মো. সেলিম উদ্দিন বলেন, মনিরা তার মেয়ের সহপাঠী এবং পাশের বাড়ির শিশু ছিল। শিশুটির আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ব্যক্তিরা জানান, সীতাকুণ্ডে গত কয়েক মাস ধরে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। এর আগে মঙ্গলবার উপজেলার ভাটিয়ারী মীর্জানগর এলাকায় মো. রাফসান নামের এক যুবকের ডেঙ্গুতে মৃত্যু হয়। দুই দিনের ব্যবধানে আরও একজনের মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে অনেকে হাসপাতালে ভর্তি হচ্ছেন কিংবা উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হচ্ছে। তবে মনিরার মৃত্যুর বিষয়টি তাকে কেউ জানায়নি।
সময়ের আলো/জোই