আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘যেকোনো পরিস্থিতিতে নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ’।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আইন মন্ত্রণালয় ও জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তরের (ইউএনওডিসি) আয়োজনে মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে ফৌজদারি বিচার ব্যবস্থার প্রতিক্রিয়া শক্তিশালীকরণবিষয়ক জাতীয় পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, মানবপাচার সবচেয়ে গুরুতর, অমানবিক ও নিষ্ঠুর অপরাধগুলোর একটি। এ প্রক্রিয়ার মাধ্যমে ঠগ, অপরাধী ও মাফিয়ারা অর্থ উপার্জন করে। মানুষের জীবনের বিনিময়ে তারা বিপুল অর্থ আয় করে। সরকার এ পরিস্থিতির পরিবর্তনে প্রতিশ্রুতিবদ্ধ।
মানবপাচার প্রতিরোধে বিভিন্ন আইন সংশোধন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, মানবপাচারের সংজ্ঞাকে আরও বাস্তবসম্মত করা হয়েছে, যাতে তা মানবপাচারের বিস্তৃত পরিসরে প্রয়োগ করা যায়। ২০২৬ সালের মানবপাচার আইনে এ ধরনের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
এ ছাড়া ১৮৮৭ সালের জুয়া আইন সংশোধন করে অনলাইন জুয়া, পাচারসহ বিভিন্ন অবৈধ কার্যক্রমকে আইনি কাঠামোর আওতায় আনা হয়েছে বলে জানান আইনমন্ত্রী। মানবপাচারের বিষয়টি অন্তর্ভুক্ত করে আরও কিছু আইন প্রণয়ন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ ২০১৯ সালের সেপ্টেম্বরে মানবপাচারবিষয়ক প্রোটোকল অনুসমর্থন করেছে উল্লেখ করে মো. আসাদুজ্জামান বলেন, এরপর থেকেই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
মানবপাচার প্রতিরোধে কিছু সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন তিনি। আইনমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে সতর্ক রয়েছে। তবে জনবলের সীমাবদ্ধতা, অভিযোগকারীদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতার ঘাটতি এবং যথাযথ প্রমাণ পাওয়ার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা রয়েছে।
মানবপাচার আগের তুলনায় কমেছে দাবি করে তিনি বলেন, দেশে বেকারত্বের সংকট রয়েছে। জীবিকার সন্ধানে মানুষকে বিদেশে যাওয়া থেকে আটকানো সম্ভব নয়। অনেকেই পর্যটন ভিসায় বিদেশে গিয়ে পরে অবৈধ অভিবাসীতে পরিণত হন।
এ পরিস্থিতিতে বিদেশগামী অভিবাসীদের অধিকার কীভাবে নিশ্চিত করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়ে আইনমন্ত্রী বলেন, নাগরিকদের অধিকার রক্ষায় সরকার যেকোনো পরিস্থিতিতে প্রতিশ্রুতিবদ্ধ। কিছু ঘাটতি থাকতে পারে, তবে ভালো যেকোনো সুপারিশকে সরকার স্বাগত জানায়।
আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনওডিসির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রতিনিধি ক্রিস্টিয়ান হোলগে।
সময়ের আলো/এসএকে