২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে আবেদন করেও কলেজে আসন বরাদ্দ পায়নি ১৪ হাজার ৪১৫ শিক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী রয়েছেন ২ হাজার ২০৫ জন। তবে এসব শিক্ষার্থীর দুশ্চিন্তার কারণ নেই বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রথম ধাপের ভর্তি শেষে দ্বিতীয় দফায় আবেদনের সুযোগ দেওয়া হবে তাদের।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান দেশের একটি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, যেসব শিক্ষার্থী আবেদন করেও কলেজে আসন পায়নি কিংবা আবেদনই করতে পারেনি, তাদের জন্য আবার আবেদনের সুযোগ দেওয়া হবে। প্রথম ধাপের ভর্তি শেষ হওয়ার পর এবং একাদশের ক্লাস শুরু হলে দ্বিতীয় ধাপে আবেদন নেওয়া হবে।
তবে দ্বিতীয় ধাপে আবেদনের নির্দিষ্ট সময়সূচি এখনো জানানো হয়নি।
এদিকে চলতি শিক্ষাবর্ষে ৪১৬টি কলেজ কোনো শিক্ষার্থী পায়নি। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, জানতে চাইলে বোর্ড চেয়ারম্যান বলেন, শিক্ষার্থী না পাওয়া কলেজ ও মাদরাসাগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়।
তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য শিক্ষামন্ত্রী ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে তুলে ধরা হবে। তাদের মতামতের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
একাদশে ভর্তির প্রথম ধাপের চিত্র
বোর্ডের প্রকাশিত ফল অনুযায়ী, প্রথম ধাপে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনয়ন পেয়েছে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ শিক্ষার্থী। বিপরীতে আবেদন করেও কোনো কলেজে আসন বরাদ্দ পায়নি ১৪ হাজার ৪১৫ জন।
এর মধ্যে জিপিএ-৫ পাওয়া ২ হাজার ২০৫ শিক্ষার্থীও রয়েছেন। আসন বরাদ্দ না পাওয়ায় তাদের ভর্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও দ্বিতীয় ধাপে নতুন করে আবেদনের সুযোগ দেওয়ার কথা জানিয়েছে বোর্ড।
গত ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়। আবেদন নেওয়া হয় ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। ভর্তি নীতিমালা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ দিতে পেরেছেন।
এবার একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ শিক্ষার্থী আবেদন করেন।
২৪ সেপ্টেম্বর থেকে ক্লাস
একাদশ শ্রেণিতে নির্বাচিত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ২৪ সেপ্টেম্বর। এর আগে ২৩ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরুর কথা থাকলেও পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ওইদিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় ক্লাস শুরুর তারিখ একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।
সময়ের আলো/টিকে