কুমিল্লার আদালত চত্বরে ছয় পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামিকে তিন ঘণ্টা পর ফের গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নিচে এ ঘটনা ঘটে।
গ্রেফতার আসামির নাম রুবেল। তিনি নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের কোটালিয়া গ্রামের শাহ আলমের ছেলে।
কুমিল্লা আদালতের পুলিশ পরিদর্শক সাদেকুর রহমান জানান, পালিয়ে যাওয়া আসামিকে পুনরায় গ্রেফতার করা হয়েছে। পরে নাঙ্গলকোট থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নারী নির্যাতনের মামলায় রুবেলকে গ্রেফতার করে নাঙ্গলকোট থানা পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করার জন্য ছয়জন পুলিশ সদস্যের সঙ্গে কুমিল্লা আদালত চত্বরে আনা হয়। আদালত ভবনের নিচে পৌঁছানোর পর কৌশলে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যান তিনি। পরে তাকে গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। পালিয়ে যাওয়ার তিন ঘণ্টা পর তাকে ফের গ্রেফতার করা হয়।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ছয়জন পুলিশ সদস্য আসামিকে নিয়ে আদালতে গিয়েছিল। সেখান থেকে পালিয়ে যাওয়ার তিন ঘণ্টা পর তাকে ফের গ্রেফতার করা হয়েছে।
সময়ের আলো/এনএন