মাত্র ১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই প্রথমবার জাতীয় দলের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এই তরুণ মিডফিল্ডার।
২০২৬ বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্র জাতীয় দলের প্রথম আন্তর্জাতিক উইন্ডোর জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ মরিসিও পচেত্তিনো। নতুন মুখের উপস্থিতিতে সাজানো এই দলে সবচেয়ে বেশি আলোচনায় সুলিভান।
কাভানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে আলোচনা অবশ্য নতুন নয়। মাত্র ১৪ বছর বয়সে ২০২৪ সালে পেশাদার ফুটবলে অভিষেক করেন তিনি। চলতি মৌসুমে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে ৬ গোল ও ৮টি অ্যাসিস্ট করেছেন এই তরুণ। জাতীয় দলে মাঠে নামার সুযোগ পেলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড়দের তালিকায় ওপরের দিকে জায়গা করে নেবেন তিনি।
বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্র দলে পরিবর্তনের ইঙ্গিতও মিলেছে এবারের স্কোয়াডে। সবচেয়ে বড় অনুপস্থিতি ক্রিশ্চিয়ান পুলিসিচের। এসি মিলানের এই ফরোয়ার্ড ২০২৬ বিশ্বকাপের দলেও ছিলেন। তবে নতুন চক্রের প্রথম আন্তর্জাতিক উইন্ডোর জন্য তাঁকে রাখেননি পচেত্তিনো।
এ ছাড়া বিশ্বকাপের দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য ওয়েস্টন ম্যাককেনিও এবার নেই। চোট, ক্লাব ফুটবলে পর্যাপ্ত খেলার সুযোগ না পাওয়াসহ বিভিন্ন কারণে আরও কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় অনুপস্থিত। অন্যদিকে বিশ্বকাপের পর দলে ফিরেছেন ইউনুস মুসাহ।
আগামী আন্তর্জাতিক উইন্ডোতে পেরু, চিলি, মেক্সিকো ও কানাডার বিপক্ষে চারটি প্রীতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র। এসব ম্যাচে নতুন খেলোয়াড়দের পরখ করার পাশাপাশি ২০৩০ বিশ্বকাপের জন্য দলের ভিত্তি গড়ে তুলতে চান পচেত্তিনো। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকও তাঁর দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।
যুক্তরাষ্ট্রের ২৬ সদস্যের স্কোয়াড
গোলরক্ষক : ক্রিস ব্র্যাডি, ম্যাট ফ্রিজ, দিয়েগো কোচেন, ব্রায়ান শোয়াক।
ডিফেন্ডার : জর্জ ক্যাম্পবেল, সের্হিনিও দেস্ত, অ্যালেক্স ফ্রিম্যান, পেটন মিলার, নিল পিয়ের, ক্রিস রিচার্ডস, মাইলস রবিনসন, অ্যান্টোনি রবিনসন, অস্টন ট্রাস্টি, ফ্র্যাঙ্কি ওয়েস্টফিল্ড।
মিডফিল্ডার : টাইলার অ্যাডামস, ম্যাথিস আলবার্ট, সেবাস্তিয়ান বারহাল্টার, জাভিয়ার গোযো, আদ্রি মেহমেতি, ইউনুস মুসাহ, ব্রুকলিন রেইনস, জিও রেইনা, মালিক টিলম্যান।
ফরোয়ার্ড : কোল ক্যাম্পবেল, জাস্টিন এলিস, জুলিয়ান হল, রিকার্ডো পেপি, কাভান সুলিভান।
সময়ের আলো/টিকে