সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্যের একটি অডিও ছড়িয়ে পড়ার পর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল হাসানকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে তাকে নেওয়া হয়। ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ভাইরাল হওয়া অডিওটির বিষয়ে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে রাকিবুল হাসানকে সেখানে নেওয়া হয়েছে। তবে অনুসন্ধানটি ডিবি নাকি ডিএমপির অন্য কোনো কমিটি পরিচালনা করছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
রাকিবুল হাসান ডিএমপির ক্যান্টনমেন্ট থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ে। এতে বর্তমান সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী নিয়ে বিভিন্ন সমালোচনামূলক বক্তব্য শোনা যায়। পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে অডিওটির কণ্ঠস্বর রাকিবুল হাসানের বলে শনাক্ত করা হয়েছে।
অডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা, পুলিশের সক্ষমতা, ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক অবস্থান এবং পুলিশে বদলি-পদায়নে আর্থিক লেনদেনসহ বিভিন্ন অভিযোগ নিয়ে মন্তব্য করা হয়।
অডিও ছড়িয়ে পড়ার পর বুধবারই তাকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করা হয়। পরে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত আদেশে তাকে সদরদফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়। আদেশে কারণ হিসেবে ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হয়।
অডিও নিয়ে বক্তব্য জানতে রাকিবুল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সময়ের আলো/এমকে