বিশ্বকাপ জয়ের দুই মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরছে স্পেন। উয়েফা নেশনস লিগের জন্য ঘোষিত নতুন স্কোয়াডে বিশ্বকাপজয়ী ২৬ জনের দল থেকে বাদ পড়েছেন চারজন। একই সঙ্গে দলে ফিরেছেন কয়েকজন পরিচিত মুখ।
চোটের কারণে জায়গা হারিয়েছেন বার্সেলোনার গোলকিপার হোয়ান গার্সিয়া ও মিডফিল্ডার গাভি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ায় নেই মার্কোস লরেন্তেও। তাদের জায়গায় দলে এসেছেন হোসেপ মার্টিনেজ, এরিক গার্সিয়া ও ফারমিন লোপেজ। দীর্ঘ বিরতির পর গোলকিপার হোসেপ মার্টিনেজও জাতীয় দলে ফিরেছেন।
বিশ্বকাপের দলে থাকা রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ডিন হুইসেনও নতুন স্কোয়াডে ফিরেছেন। সবচেয়ে বড় চমক এস্পানিওল স্ট্রাইকার বোরহা ইগলেসিয়াসের বাদ পড়া। তার জায়গায় প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন রবার্তো ফার্নান্দেজ।
দে লা ফুয়েন্তে মূল বিশ্বকাপ দলকে ধরে রাখার পাশাপাশি নতুন খেলোয়াড়দের জন্যও জাতীয় দলের দরজা খোলা রাখার বার্তা দিয়েছেন।
নতুন আন্তর্জাতিক সূচিতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েম্বলিতে ম্যাচ দিয়ে শুরু করবে স্পেন। এরপর ২৯ সেপ্টেম্বর ক্রোয়েশিয়া, ৩ অক্টোবর চেক প্রজাতন্ত্র এবং পরে আবার ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে তারা।
স্কোয়াডে গোলকিপার হিসেবে আছেন উনাই সিমন, ডেভিড রায়া ও হোসেপ মার্টিনেজ। দলে রয়েছেন রদ্রি, পেদ্রি, দানি ওলমো, ফারমিন লোপেজ, লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামসসহ বিশ্বকাপজয়ী দলের একাধিক গুরুত্বপূর্ণ সদস্য।
সময়ের আলো/এমকে