রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণের পর এবার কাফরুলে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টা ১৪ মিনিটে কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজান ইসলাম জানান, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে শুক্রবার জুমার নামাজের পর মালিবাগ রেলগেট এলাকায় সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে সন্ধ্যায় মহাখালীতে পরপর দুটি এবং আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার ভবনের কাছে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এরপর যাত্রাবাড়ীতে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। এতে এক রিকশাচালক আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যাত্রাবাড়ীতে বিস্ফোরণের সময় সড়কে যানবাহন ও মানুষের চলাচল ছিল। পরপর বিস্ফোরণে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নিরাপদ আশ্রয়ের জন্য আশপাশের দোকান ও ভবনে চলে যান।
খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেন।
সময়ের আলো/এমকে