জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে হাসপাতালে দেখতে গেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী এ তথ্য জানান।
পোস্টে তিনি লেখেন, আজ হাসপাতালে গাজী সালাউদ্দিন তানভীর ভাইকে দেখতে গেলাম। চোখের সামনে যে দৃশ্য দেখলাম, তা অত্যন্ত হৃদয়বিদারক। তার জন্মধারিণী মা, প্রিয়তমা স্ত্রী, দুই বছরের ছোট্ট মেয়ে ও সাত বছরের ছেলের সামনে তিনি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন, জেলখানায় নির্যাতনের পর তাঁর দুটো পা অবশ হয়ে গেছে।
এতে তিনি লেখেন, শরীরে অসংখ্য সুঁইয়ের দাগ, কোমরে নির্যাতনের চিহ্ন, একজন মানুষের ওপর কী নির্মমতা চালানো হয়েছে, তার যেন নীরব সাক্ষ্য বহন করছে প্রতিটি ক্ষত।
তিনি আরও লেখেন, একটি পরিবারের সামনে একজন মানুষ এভাবে কষ্ট পাচ্ছেন, এই দৃশ্য কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না। আল্লাহ তানভীর ভাইকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন এবং তার পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দিন।
সময়ের আলো/কেএইচও