জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, ‘গণতন্ত্র ও মানবাধিকার তারেক রহমানের হাতে সুরক্ষিত নয়। বিএনপি সরকার মানবাধিকার সুরক্ষার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও এমন কিছু কালো আইন ও প্রতিষ্ঠান তৈরি করছে, যা উল্টো নাগরিকদের মৌলিক অধিকার হরণের পথ সুগম করছে।’
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনে এনসিপি আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন নাহিদ ইসলাম। ‘বিএনপি সরকার কর্তৃক মানবাধিকার লঙ্ঘনমূলক আইন পাস, বিরোধী মত দমন ও নাগরিকের মৌলিক অধিকার হরণের প্রতিবাদ’ এ কর্মসূচির আয়োজন করা হয়।
তিনি বলেন, ‘সরকার তেল, গ্যাস, বিদ্যুৎ ও সুশাসন দিতে ব্যর্থ। এখন মানবাধিকারগুলোকেও হরণ করে নিচ্ছে।’
সরকার বিরোধী মত দমনে নাগরিকের মৌলিক অধিকার হরণের পথে হাঁটছে বলেও দাবি করেন এনসিপির আহ্বায়ক। এভাবে চলতে থাকলে ক্রমশ গণআন্দোলন আসন্ন বলেও হুঁশিয়ারি দেন তিনি।
মানববন্ধনে তারেক রহমানের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা তারেক রহমানকে বলব, দ্রুত সময়ের মধ্যে আপনি সঠিক পথে আসুন, গণতন্ত্রের পথে আসুন। আমরা জানি ন্যাড়া বেলতলা একবার যায়, কিন্তু তারেক রহমান বার বার যায়।’
দুর্নীতি দমন কার্যক্রমের সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি দুর্নীতি এবং দুদককে নিয়ে নতুন কাণ্ড শুরু হয়েছে। দুদককেও আপনারা সংস্কার করেননি। সাত মাস পরে দুদক পুনর্গঠন করে এনসিপিকে টার্গেট করেছেন, বিরোধী দলকে টার্গেট করছেন। যদি সাহস থাকে ২০০১ থেকে ২০০৬ সালের দুর্নীতির অভিযোগগুলো আপনারা তদন্ত করুন, যখন বার বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন।’
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ ক্ষমা করে আপনাদেরকে ক্ষমতায় এনেছিল। আপনারা সেই দুদককে আমাদের বিরুদ্ধে ব্যবহার করছেন, আমাদের নেতাদের বিরুদ্ধে ব্যবহার করছেন। ব্যবহার করতে থাকুন। দুদক শেখ হাসিনা ধ্বংস করেছিল, আপনাদের কাজ ছিল সেটা গড়ে তোলা। আপনারা সেটা গড়ে তোলেননি, শেখ হাসিনার কায়দায় যাচ্ছেন।’
সরকারের বিভিন্ন সংস্কার উদ্যোগ নিয়ে অভিযোগ করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘আপনারা পুলিশ সংস্কার কমিশন করেননি, পুলিশকে প্রস্তুত করা হচ্ছে বিরোধী দলকে দমন করার জন্য। আপনারা নির্বাচন কমিশনকে ভূলুণ্ঠিত করছেন।’
তারেক রহমানের নেতৃত্বের সমালোচনা করে তিনি বলেন, ‘গণতন্ত্র তারেক রহমানের হাতে সুরক্ষিত নয়, মানবাধিকার তারেক রহমানের হাতে সুরক্ষিত নয়। তারেক রহমান নতুন স্বৈরাচার হিসেবে আবির্ভূত হয়েছেন।’
হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘তারেক রহমানের অওকাত (সামর্থ্য) নাই শেখ হাসিনার মতো স্বৈরাচার হবে। তার বহু আগেই এদেশের জনগণ রাজপথ প্রকম্পিত করবে এবং তারেক রহমানের এই স্বৈরাচারী প্রবণতাকে, বিএনপির স্বৈরাচারী প্রবণতাকে রুখে দেবে।’
সব রাজনৈতিক শক্তি বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে এমন হুঁশিয়ারি দিয়ে নাহিদ বলেন, ‘ক্রমশ গণআন্দোলন আসন্ন। এই সরকার তেল, গ্যাস, বিদ্যুৎ দিতে ব্যর্থ হয়েছে। সুশাসন দিতে ব্যর্থ হয়েছে। এখন মানবাধিকারগুলোকে হরণ করে নিচ্ছে এবং গণভোটের গণরায়ও বাস্তবায়ন করেনি।’
সময়ের আলো/মহু