আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চ প্রসঙ্গে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা কারো উসকানিতে পা দেব না। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, ‘আমরা এই লং মার্চের যাত্রীদেরকে, ১১ দলের নেতাকর্মীদের কাছে অনুরোধ করেছি, কোনো উসকানির মুখে চরম ধৈর্য এবং সংযমের পরাকাষ্ঠা দেখিয়ে আমাদের এই গণতান্ত্রিক কর্মসূচিকে আমরা সফল করব। আমরা কারো উসকানিতে পা দেব না। আমরা যদি একটু ক্ষতিগ্রস্ত হই, আমাদের গায়ে যদি একটা আঘাতও লাগে, আমরা তার প্রতিশোধের চেয়ে মনে করি, একটা আঘাত পেলেও এই লংমার্চ সফল করার মধ্যে আমাদের সার্থকতা সবচেয়ে বেশি।’
এই শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচিতে কোনো ধরনের বাধা সৃষ্টি না করে সহযোগিতা করার জন্য সরকার, প্রশাসন, রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।
তিনি বলেন, ‘সরকারের প্রতি আবেদন যে, এই সুশৃঙ্খল শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধার সৃষ্টি বা অন্তরায় সৃষ্টি করা না হয়।’
এ সময় বিএনপি, ক্ষমতাসীন দল, সরকার, প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, গোয়েন্দা সংস্থা, ট্রাফিক বিভাগ, সড়কপথের সংশ্লিষ্ট ব্যক্তি, ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার ও পরিবহনসংশ্লিষ্টদের লংমার্চে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
গোলাম পরওয়ার বলেন, ‘এত বড় কর্মসূচি, হাজার হাজার লোকের এই বহর, যেখানে সহস্রাধিক গাড়ি থাকবে, দিনের নিত্যদিনের কাজকর্ম, ব্যবসা-বাণিজ্য, যানবাহন চলাচলে হয়তো অনেকের কিছুটা ক্ষতিগ্রস্ত হতে হবে, কিছু ভোগান্তি হয়তো হবে। আমরা আবারও তাদের কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি, দুঃখ প্রকাশ করছি।’
সময়ের আলো/জেকিউএফ