প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৩ এএম
আগের সতর্কতা তুলে নেওয়ার কয়েক মিনিট পরই নতুন করে এ সতর্কতা জারি করা হয়। ছবি : সংগৃহীতসৌদি আরবের সিভিল ডিফেন্স ফের বিভিন্ন এলাকায় ‘সম্ভাব্য বিপদ’ সতর্কতা জারি করেছে। আগের সতর্কতা তুলে নেওয়ার কয়েক মিনিট পরই নতুন করে এ সতর্কতা জারি করা হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানানো হয়, নতুন সতর্কতার আওতায় রয়েছে জাজান ও আবহা অঞ্চল, পাশাপাশি খামিস মুশাইত, জেদ্দা, তায়েফ ও ইয়ানবু গভর্নরেট।
অন্যদিকে রয়টার্স জানিয়েছে, সতর্কতাগুলোতে সম্ভাব্য বিপদের ধরন নির্দিষ্ট করে জানানো হয়নি। বাসিন্দাদের সতর্ক থাকতে এবং কর্তৃপক্ষের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুথিদের সঙ্গে সৌদি আরবের উত্তেজনা বেড়েছে। এর মধ্যেই দেশটির বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে সতর্কতা জারি করা হচ্ছে।
গত কয়েক দিনেও জেদ্দা, তায়েফ, আবহা, জাজান ও ইয়ানবুসহ বিভিন্ন এলাকায় সম্ভাব্য বিপদের সতর্কতা জারি করা হয়েছিল।
সময়ের আলো/কেএইচও