ইমরান খানের জীবন ঝুঁকির মুখে রয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তার বোন রুবিনা খান ও ছেলে

2026-11-05T23:24:09+00:00
2026-11-05T23:24:09+00:00
 
  শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ছেলে ও বোনের দাবি
ইমরান খানের জীবন ঝুঁকির মুখে রয়েছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১১:২৪ পিএম 
সংগৃহীত ছবি
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তার বোন রুবিনা খান ও ছেলে কাসিম খান সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্বাস্থ্য নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন। তাদের দাবি, কারাগারে ইমরান খানের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। তবে এসব তথ্যের উৎস নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে ইমরান খানের আইনজীবী সালমান সাফদার এসব তথ্যের উৎস হিসেবে নিজের সম্পৃক্ততা অস্বীকার করায় বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে। অনলাইন জিও নিউজ এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কাসিম খানের শেয়ার করা এক বিবৃতিতে রুবিনা খান দাবি করেন, তার ভাই তাকে জানিয়েছেন, কারাগারে থাকাকালে হঠাৎ তার রক্তচাপ বেড়ে ১৯২-এ পৌঁছেছিল। এ ঘটনায় কারাগারে ইমরান খানের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

রুবিনা খানের দাবি, ইমরান খানকে অবিলম্বে তার ব্যক্তিগত চিকিৎসকের উপস্থিতিতে একটি নিরপেক্ষ চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা প্রয়োজন। অন্যদিকে, কাসিম খান তার বাবার উচ্চ রক্তচাপের ঘটনাকে দীর্ঘদিনের নির্জন কারাবাসের সঙ্গে যুক্ত করেছেন। তার আশঙ্কা, দ্রুত মুক্তি ও যথাযথ চিকিৎসার ব্যবস্থা না করা হলে কারাগারেই তার বাবার মৃত্যু হতে পারে। পরিবারের এমন উদ্বেগজনক বক্তব্যের পর ইমরান খানের স্বাস্থ্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বিশেষ করে গত ২ নভেম্বর আদিয়ালা কারাগারে ইমরান খানের আইনজীবী সালমান সাফদারের সঙ্গে সাক্ষাতের কয়েক দিন পর এসব দাবি সামনে আসে। তবে এ বিষয়ে জানতে চাইলে সালমান সাফদার স্পষ্ট করেন, ইমরান খানের স্বাস্থ্য নিয়ে প্রচারিত বক্তব্যের উৎস তিনি নন। নিজেকে পেশাদার আইনজীবী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তার দায়িত্ব আইনি বিষয় নিয়ে কাজ করা। তিনি কারও বার্তাবাহক নন।

এর আগে সালমান সাফদার জানিয়েছিলেন, ২ নভেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে কারা কর্তৃপক্ষ ইমরান খান ও তার স্ত্রী বুশরা ইমরানের সঙ্গে তাকে ৪০ মিনিটের সাক্ষাতের সুযোগ দেয়। প্রায় সাত মাস পর ইমরান খান এবং ১১ মাস পর বুশরা বিবির সঙ্গে তার দেখা হয়। এই সাক্ষাতের অনুমতি পেতে তাকে একাধিকবার আবেদন ও অনুরোধ করতে হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সাফদার জানান, সাক্ষাতের সময় বিচারাধীন মামলাসহ বিভিন্ন আইনি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য যথেষ্ট ছিল না। তবে ইমরান খান ও বুশরা বিবি দুজনই তাকে নিজেদের স্বাস্থ্য এবং কারাগারের জীবনযাপনের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি কয়েকটি আইনি বিষয়ে নতুন নির্দেশনাও দেন।

এদিকে ওই সাক্ষাতের পরিস্থিতি সম্পর্কে অবগত কয়েকটি সূত্র পরিবারের দাবির সঙ্গে কিছুটা ভিন্ন তথ্য দিয়েছে। তাদের ভাষ্য, ইমরান খান একবার তার রক্তচাপ প্রায় ১৯০ পর্যন্ত বেড়ে যাওয়ার কথা জানিয়েছিলেন। তবে সামগ্রিকভাবে তাকে সুস্থ ও শারীরিকভাবে ফিট মনে হয়েছে বলে দাবি করেছে সূত্রগুলো। তাৎক্ষণিক কোনো গুরুতর চিকিৎসাজনিত সংকটের লক্ষণও তারা দেখেনি।

সূত্রগুলোর দাবি, সাক্ষাতের সময় নিজের শারীরিক অবস্থার চেয়ে স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্য নিয়ে বেশি উদ্বিগ্ন ছিলেন ইমরান খান। জানা গেছে, বুশরা বিবি চোখের সমস্যায় ভুগছেন।

তবে ইমরান খানের রক্তচাপ ১৯২-এ পৌঁছানোর তথ্য এবং তার জীবন ঝুঁকিতে থাকার অভিযোগ কীভাবে রুবিনা খান ও কাসিম খানের কাছে পৌঁছেছে, তা এখনো পরিষ্কার নয়। পরিবারের বক্তব্যে তথ্যের উৎস সম্পর্কে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। অন্যদিকে, আইনজীবী সালমান সাফদারও জানিয়েছেন, তিনি এসব তথ্যের উৎস নন এবং এ বিষয়ে কোনো বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব নেননি। ফলে ইমরান খানের কাছ থেকে সরাসরি কোনো বার্তার ভিত্তিতে পরিবারের সদস্যরা এসব দাবি করেছেন, নাকি অন্য কোনো মাধ্যমে তথ্য পেয়েছেন, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

একদিকে পরিবারের পক্ষ থেকে ইমরান খানের জীবন ও স্বাস্থ্য নিয়ে গুরুতর আশঙ্কা প্রকাশ করা হচ্ছে, অন্যদিকে সাক্ষাতের বিষয়ে অবগত সূত্রগুলো তাকে সামগ্রিকভাবে সুস্থ বলে বর্ণনা করছে। দুই পক্ষের বক্তব্যের এই পার্থক্য সাবেক এই প্রধানমন্ত্রীর প্রকৃত শারীরিক অবস্থা নিয়ে অনিশ্চয়তা আরও বাড়িয়েছে। 


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   ইমরান খান  পাকিস্তান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: