বিমান ভ্রমণে যাত্রীসেবার মান, কেবিন পরিষ্কার-পরিচ্ছন্নতা, খাবারসহ বিভিন্ন সূচকে বিশ্বের সেরা এয়ারলাইন হিসেবে নির্বাচিত হয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস। বিমান পরিবহন খাতের রেটিং প্রতিষ্ঠান স্কাইট্র্যাক্সের ২০২৬ সালের ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডসে এ স্বীকৃতি পেয়েছে এশিয়ার এই বিমান সংস্থা।
শুক্রবার যুক্তরাজ্যের লন্ডনের ল্যাংহাম হোটেলে এক অনুষ্ঠানে এ বছরের সেরা এয়ারলাইনগুলোর নাম ঘোষণা করা হয়। এ নিয়ে ষষ্ঠবারের মতো স্কাইট্র্যাক্সের বর্ষসেরা এয়ারলাইন নির্বাচিত হলো সিঙ্গাপুর এয়ারলাইনস। এর আগে ২০২৩, ২০১৮ এবং ২০০০-এর দশকে কয়েকবার প্রতিষ্ঠানটি এ পুরস্কার পেয়েছিল।
সিঙ্গাপুর এয়ারলাইনসের প্রধান নির্বাহী কর্মকর্তা গোহ চুন ফং এক বিবৃতিতে বলেন, এই পুরস্কার তাঁদের কর্মীদের নিষ্ঠা ও পেশাদারত্বের স্বীকৃতি।
গত বছরের সেরা এয়ারলাইন কাতার এয়ারওয়েজ এবার দ্বিতীয় হয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ। এরপর যথাক্রমে জাপানের অল নিপ্পন এয়ারওয়েজ (এএনএ), তুর্কিশ এয়ারলাইনস ও এমিরেটস রয়েছে।
স্কাইট্র্যাক্সের পুরস্কার নির্ধারণ করা হয় বিশ্বজুড়ে যাত্রীদের সন্তুষ্টি নিয়ে পরিচালিত একটি জরিপের ভিত্তিতে। যুক্তরাজ্যভিত্তিক বিমান পরিবহন পরামর্শক প্রতিষ্ঠানটি বিভিন্ন শ্রেণিতে এয়ারলাইনগুলোর সেবার মান মূল্যায়ন করে থাকে।
এবারের তালিকায় যুক্তরাষ্ট্রের কোনো এয়ারলাইন স্থান পায়নি। উত্তর আমেরিকা থেকে একমাত্র এয়ারলাইন হিসেবে শীর্ষ ২০-এ রয়েছে এয়ার কানাডা। গত বছরের তালিকায় থাকা ব্রিটিশ এয়ারওয়েজও এবার শীর্ষ ২০-এ জায়গা পায়নি।
সিঙ্গাপুর এয়ারলাইনস এ বছর ইকোনমি ক্লাস এবং ইকোনমি ক্লাসের খাবারের জন্যও পুরস্কার পেয়েছে। কাতার এয়ারওয়েজ মধ্যপ্রাচ্যের সেরা এয়ারলাইন হওয়ার পাশাপাশি বিজনেস ক্লাস, উড়োজাহাজের ওয়াই-ফাই এবং বিজনেস ক্লাস লাউঞ্জের পুরস্কার পেয়েছে। ক্যাথে প্যাসিফিক পেয়েছে সেরা কেবিন ক্রু ও ফার্স্ট ক্লাস লাউঞ্জের স্বীকৃতি।
এ বছর সেরা ফার্স্ট ক্লাসের পুরস্কার পেয়েছে এয়ার ফ্রান্স। তাইওয়ানের ইভিএয়ার সেরা প্রিমিয়াম ইকোনমি এয়ারলাইন হয়েছে। বাজেট এয়ারলাইনগুলোর শীর্ষ পাঁচে রয়েছে এয়ারএশিয়া, স্কুট, ভুয়েলিং, ইউরোউইংস ও আইবেরিয়া এক্সপ্রেস।
আঞ্চলিক ক্যাটাগরিতেও বিভিন্ন এয়ারলাইন স্বীকৃতি পেয়েছে। এশিয়ার সেরা এয়ারলাইন এবং বিশ্বের সেরা আঞ্চলিক এয়ারলাইন হয়েছে ব্যাংকক এয়ারওয়েজ। আফ্রিকার সেরা হয়েছে ইথিওপিয়ান এয়ারলাইনস। দক্ষিণ আমেরিকায় শীর্ষে রয়েছে চিলির লাতিন আমেরিকান এয়ারলাইনস (ল্যাটাম)। ইউরোপের সেরা হয়েছে তুর্কিশ এয়ারলাইনস। উত্তর আমেরিকায় সেরা হয়েছে এয়ার কানাডা।
এবারের পুরস্কার অনুষ্ঠানে বিমানশিল্পের বর্তমান নানা চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়েছে। ইরান সংঘাত, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন, জ্বালানি তেলের বাড়তি দাম, নতুন উড়োজাহাজ সরবরাহে বিলম্ব এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের টানাপোড়েন—এসব বিষয় উঠে আসে আলোচনায়।
স্কাইট্র্যাক্সের প্রধান নির্বাহী এডওয়ার্ড প্লেইস্টেড বলেন, নানা সংকটের মধ্যেও যাত্রীসেবার মান বাড়ছে। তাঁর ভাষ্য, শিল্পে প্রতিযোগিতা বাড়ার কারণে যাত্রীদের অভিজ্ঞতাও ক্রমাগত উন্নত হচ্ছে।
২০২৬ সালের শীর্ষ ২০ এয়ারলাইন
১. সিঙ্গাপুর এয়ারলাইনস
২. কাতার এয়ারওয়েজ
৩. ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ
৪. অল নিপ্পন এয়ারওয়েজ
৫. তুর্কিশ এয়ারলাইনস
৬. এমিরেটস
৭. এয়ার ফ্রান্স
৮. হাইনান এয়ারলাইনস
৯. জাপান এয়ারলাইনস
১০. কোরিয়ান এয়ার
১১. ইভিএ এয়ার
১২. কান্টাস এয়ারওয়েজ
১৩. স্টারলাক্স এয়ারলাইনস
১৪. লুফথানসা
১৫. সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস
১৬. আইবেরিয়া
১৭. এয়ার কানাডা
১৮. ভার্জিন আটলান্টিক
১৯. সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইনস
২০. থাই এয়ারওয়েজ
সময়ের আলো/কেএইচ