রাশিয়া ও ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের ক্ষমতা বাড়িয়ে একটি বিলে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তার স্বাক্ষরের পর ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাঙ্কশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ আইনে পরিণত হয়েছে।
নতুন আইনে রাশিয়ার তেল ও গ্যাসের সবচেয়ে বড় ক্রেতাদের মধ্যে সর্বোচ্চ পাঁচটি দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পেয়েছে ওয়াশিংটন। তবে আইনে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি। ফলে ভারতকে ওই তালিকায় রাখা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কেনায় ভারত ও চীন এই আইনের আওতায় পড়ার ঝুঁকিতে রয়েছে। ভারতের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও নতুন আইন স্বয়ংক্রিয়ভাবে দেশটির ওপর ১০০ শতাংশ শুল্ক কার্যকর করছে না।
এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ভারত এর আগে বিভিন্ন অনুষ্ঠানে ও ফোরামে বহুবার বলেছে এবং আজ আবারও বলছে যে নয়াদিল্লি ভারতের ১৪০ কোটি নাগরিকের জ্বালানি নিরাপত্তা নিয়ে আপস করতে প্রস্তুত নয়। আমরা বরাবর সাশ্রয়ী মূল্যে জ্বালানি ক্রয় করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। নিজেদের বাণিজ্য ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের ব্যাপারে ভারত সবসময় দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। ভারত মনে করে, নতুন আইন বাস্তবায়ন হলে তা শুধু ওয়াশিংটন-নয়াদিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কেই নয়, বরং পুরো বৈশ্বিক জ্বালানির বাজারে নেতিবাচক প্রভাব ফেলবে।
হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, আইনটি রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা, শুল্ক ও অন্যান্য বিধিনিষেধের পরিধিও বাড়িয়েছে।
সময়ের আলো/এমকে