নাটোরের বাগাতিপাড়ায় পুকুর থেকে শাহজাহান (৫৩) নামে আনসার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার চক কোয়ালীপাড়া এলাকায় বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শাহজাহান ওই এলাকার মৃত নাদের আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় খালেক প্রামাণিকের পুকুরপাড়ের একটি ঘরে শাহজাহান ও স্থানীয় রফিকুল ইসলাম একসঙ্গে মুড়ি খান। পরে রাত সাড়ে ১১টার দিকে বাড়িতে যাওয়ার কথা বলে তিনি সেখান থেকে বের হয়ে যান। এরপর আর তিনি বাড়িতে ফেরেননি।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে পুকুর মালিক আব্দুল খালেকের ছেলে রফিকুল ইসলাম পুকুরপাড়ে গিয়ে একটি আমগাছের সঙ্গে শাহজাহানের শার্ট ও স্যান্ডেল ঝুলতে দেখেন। বিষয়টি তিনি শাহজাহানের পরিবারের সদস্যদের জানালে তারা জানান, রাত থেকে শাহজাহানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরপাড় থেকে প্রায় ১৫ গজ দূরে পানিতে শাহজাহানের মরদেহ ভাসতে দেখেন তারা। পরে পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহ শেখ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন, পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। তার ধারণা, পুকুরটিতে গ্যাসের কারণে মাছ মারা যাওয়ায় মাছ ধরতে গিয়ে শাহজাহান পানিতে নেমেছিলেন। কোনো কারণে তিনি আর ওপরে উঠতে পারেননি। নিহতের ছেলে আসিফ আলী বলেন, তার বাবা প্রায়ই গভীর রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকতেন। তাই শুক্রবার রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিষয়টিকে প্রথমে স্বাভাবিকভাবেই নিয়েছিলেন। তবে সকালে পুকুরপাড়ে তার শার্ট ও স্যান্ডেল পড়ে থাকার খবর পেয়ে তারা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তার মরদেহ দেখতে পান।
বাগাতিপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, পুকুরে মরদেহ ভাসতে দেখার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
সময়ের আলো/এনএন