কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমকে কুমিল্লা কোটবাড়ি গন্ধমতি এলাকায় নিজ বাড়ির পাশের কবরস্থানে দাফন করা হবে। রোববার সকালে তাকে শেষ বিদায় দেওয়া হবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে কুমিল্লা কোটবাড়ি গন্ধমতি এলাকায় অপ্রতিমদের বাড়িতে দাঁড়িয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম সাংবাদিকদের এসব কথা বলেন।
শরীফুল করীম বলেন, নিহত অপ্রতিমের দাদার বাড়ি কুষ্টিয়ায়। নানার বাড়ি চাঁদপুরে। কুমিল্লা কোটবাড়ি গন্ধমতি এলাকায় যে বাড়িতে তারা থাকতেন সেটি তাদের নিজেদের করা বাড়ি। অপ্রতিমের জন্ম হয়েছিল এখানেই। সে বড়ও হয়েছে এই গন্ধমতি এলাকায়। তাই তার পরিবারের ইচ্ছায় বাড়ির পাশে কবরস্থানে দাফন করা হবে তাকে।
তিনি আরও বলেন, রোববার সকাল ১০টায় অপ্রতিমের জানাজা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। জানাজা এবং অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে সাড়ে ১০টায় তাকে দাফন করা হবে।
এর আগে ময়নাতদন্ত শেষে লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে অপ্রতিমের মরদেহ আনা হয় কোটবাড়ি গন্ধমতি এলাকায়। তার মরদেহ আনার পর শেষবার একনজর দেখার জন্য দূর-দূরান্ত থেকে ছুটে আসেন শত শত মানুষ। দুপুর থেকে পুরো এলাকাজুড়ে যে শোকের মাতম তৈরি হয়েছে সেটি রাতেও অব্যাহত আছে।
সময়ের আলো/কেএইচও