টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর নিউমার্কেট এলাকা। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে দোকানপাট খুলতে পারেননি ব্যবসায়ীরা। একই সঙ্গে ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে নিউমার্কেট সংলগ্ন এলাকায় এ চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, নিউমার্কেট এলাকার গাউসিয়া মার্কেট, চন্দ্রিমা মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেটসহ ঢাকা কলেজের আশেপাশে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়ক পানিতে ডুবে যাওয়ায় দোকান খুলতে পারছেন না ব্যবসায়ীরা। এতে যানচলাচলেও বিঘ্ন ঘটছে। পথচারীরাও পড়েছেন ভোগান্তিতে।
একজন পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সরকার নানা প্রতিশ্রুতি দিলেও সিটি করপোরেশনের কর্মীরা সঠিকভাবে কাজ করেন না। পানি নিষ্কাশনের লাইনগুলো বন্ধ হয়ে গেছে বলেই পানি আটকে আছে; নর্দমাগুলো পরিষ্কার রাখলে এক ঘণ্টার মধ্যেই পানি নেমে যেত।’
তিনি আরও বলেন, ‘সিটি করপোরেশনের পরিদর্শক যারা আছেন, তাদের তদারকি ঠিকমতো থাকলে এই সমস্যা হতো না। তাদের অবহেলার কারণেই আমাদের সাধারণ জনগণকে কষ্ট পোহাতে হচ্ছে।’
সময়ের আলো/মহু