দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট ১৮৪ জনের মৃত্যু হলো। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৩ জন। এর ফলে এবার মোট ভর্তি হলেন ৬১ হাজার ৯৭২ জন।
রোববার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, নতুন মারা যাওয়া ৬ জনের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে একজনের বয়স ১১ থেকে ১৫ বছরের মধ্যে এবং বাকিরা ২১ থেকে ৪৫ বছর বয়সী। এছাড়া, এ পর্যন্ত মারা যাওয়া ১৮৪ জনের মধ্যে নারী ৫০ দশমিক ৮ শতাংশ এবং পুরুষ ৪৯ দশমিক ২ শতাংশ।
ঢাকা বিভাগের ক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন হাসপাতালে ৫৩, উত্তর সিটি করপোরেশনের আওতাধীন হাসপাতালে ২৩ ও সিটি করপোরেশনের বাইরে ১১ জন প্রাণ হারিয়েছেন। সেই সঙ্গে খুলনায় ৩৪, ময়মনসিংহ ও চট্টগ্রামে ১৮ জন করে, বরিশালে ১৪, রাজশাহীতে ৮, রংপুরে ৪ ও সিলেটে ১ জন মারা গেছেন।
রোগীর মাসভিত্তিক হিসাব মতে, সেপ্টেম্বরে এখন পর্যন্ত ২৬ হাজার ১২৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের মাস আগস্টে এই সংখ্যা ছিল ২০ হাজার ৫৩৬ জন। এর আগে, জানুয়ারিতে ১ হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০, মে মাসে ৭১৪, জুনে ২ হাজার ৯০৭ ও জুলাইয়ে ৯ হাজার ২০৬ জন হাসপাতালে আসেন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫৭ হাজার ৬১০ জন।
সময়ের আলো/মহু