স্প্যানিশ লা লিগায় মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে আজ রোববার মুখোমুখি হচ্ছে আতলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ। আতলেটিকোর ঘরের মাঠ মেত্রোপোলিতানোয় ম্যাচটি ঘিরে উত্তেজনার পারদ চড়েছে বেশ আগেই। মাঠের লড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে নিজেদের পরিকল্পনা ও প্রতিপক্ষ নিয়ে কথা বলেছেন দুই দলের কোচ হোসে মরিনহো ও দিয়েগো সিমিওনে।
ডার্বির আবেগ, রিয়ালের ঐতিহ্য এবং দলের মানসিক প্রস্তুতির ওপর জোর দিয়েছেন মরিনহো। অন্যদিকে সিমিওনের চিন্তার বড় জায়গাজুড়ে রয়েছে রিয়ালের দ্রুতগতির আক্রমণ, বিশেষ করে কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র।
‘রিয়াল মাদ্রিদের সঙ্গে কারও তুলনা হয় না’
ম্যাচের আগে নিজের দলের পারফরম্যান্সে আরও উন্নতির সুযোগ আছে বলে স্বীকার করেছেন মরিনহো। খেলোয়াড়দের কাছ থেকে সর্বোচ্চটা বের করে আনার বিষয়ে রিয়াল কোচ বলেন, ‘আমি জানি না তা পুরোপুরি পারব কি না। তবে আমার এবং খেলোয়াড়দের ইচ্ছা সেটাই। ডার্বি মানেই বাড়তি কিছু আবেগ—ইতিহাস, সংস্কৃতি এবং সমর্থকদের উন্মাদনা।’
মাদ্রিদ শহরের দুই ক্লাবের তুলনা নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন পর্তুগিজ কোচ। তার ভাষায়, ‘ঐতিহাসিক ও মানসিকভাবে রিয়াল মাদ্রিদের তুলনা কারও সঙ্গেই হতে পারে না।’
রেফারিং নিয়ে ম্যাচের আগেই কোনো বিতর্কে জড়াতে চাননি মরিনহো। ভিনিসিয়ুস ও এমবাপ্পের জার্সি ঘিরে সাম্প্রতিক রাজনৈতিক বা ফুটবলের বাইরের কোনো বিষয় নিয়েও মন্তব্য করেননি তিনি। জানিয়েছেন, তার মনোযোগ কেবল মাঠের ফুটবলে।
এমবাপ্পে-ভিনিসিয়ুসকে নিয়ে সতর্ক সিমিওনে
রিয়ালের আক্রমণভাগ নিয়েই বেশি সতর্ক আতলেটিকো কোচ দিয়েগো সিমিওনে। বিশেষ করে বল হারানোর পর এমবাপ্পে ও ভিনিসিয়ুসের গতি তার দুশ্চিন্তার কারণ।
সিমিওনে বলেন, ‘রিয়াল বল দখল করার পর তাদের প্রথম ও প্রধান লক্ষ্যই থাকেন এমবাপ্পে ও ভিনিসিয়ুস। তারা খুবই শক্তিশালী এবং ক্ষিপ্র। মাঝমাঠে বল হারালে তারা আমাদের বড় বিপদে ফেলতে পারে, তাই সেই জায়গাগুলোতে সতর্ক থাকতে হবে।’
মরিনহোর প্রতি নিজের শ্রদ্ধার কথাও জানিয়েছেন আর্জেন্টাইন কোচ। তিনি বলেন, ‘মরিনহোর প্রতি আমার দীর্ঘদিনের শ্রদ্ধা ও প্রশংসা রয়েছে।’
আলভারেস ফিরলেও অনিশ্চয়তা
ডার্বির আগে আতলেটিকোর জন্য স্বস্তির খবর, দলে ফিরেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেস। তবে তাকে শুরু থেকেই খেলানো হবে, নাকি বদলি হিসেবে মাঠে নামানো হবে, সে সিদ্ধান্ত ম্যাচের আগে নেওয়া হবে বলে জানিয়েছেন সিমিওনে।
চোটের কারণে অবশ্য আলেকজান্ডার সরলোথ ও পাবলো বারিয়োসকে পাচ্ছে না আতলেটিকো।
পয়েন্ট টেবিলেও গুরুত্বপূর্ণ লড়াই
লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনার পর দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে আছে আতলেটিকো।
গত মৌসুমে এই মেত্রোপোলিতানোতেই রিয়ালকে ৫-২ গোলে হারিয়েছিল আতলেটিকো। ফলে এবার ঘরের মাঠে সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে সিমিওনের দল। অন্যদিকে রিয়ালের লক্ষ্য থাকবে আগের হারের জবাব দিয়ে মাদ্রিদ ডার্বিতে নিজেদের অবস্থান শক্ত করা।
সময়ের আলো/টিকে