শহর এক, জার্সির রং আলাদা। মাদ্রিদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আবারও মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ। আন্তর্জাতিক বিরতির আগে লা লিগার শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। পয়েন্ট টেবিলেও কাছাকাছি অবস্থান; রিয়াল দ্বিতীয়, অ্যাথলেটিকো চতুর্থ। ফলে ডার্বির উত্তাপের সঙ্গে যোগ হচ্ছে পয়েন্ট টেবিলের হিসাবও।
ছয় ম্যাচ শেষে রিয়ালের সংগ্রহ ১৫ পয়েন্ট, আর অ্যাথলেটিকোর ১৩। শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে রিয়ালের ব্যবধান তিন পয়েন্ট। অন্যদিকে এই ম্যাচে জয় পেলে অ্যাথলেটিকো রিয়ালকে পেছনে ফেলে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে। ফলে নগরপ্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি পয়েন্টের লড়াইটিও বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মৌসুমের শুরুতে দিয়েগো সিমিওনের দলের পথটা অবশ্য মসৃণ ছিল না।
প্রথম ৬ ম্যাচে চার জয়, এক ড্র ও এক হার তাদের। অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ৩-০ গোলে হারার পর চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের মাঠে ২-১ গোলে হেরে যায় দিয়েগো সিমিওনের দল। তবে এরপরই বদলে যায় চিত্র। রিয়াল সোসিয়েদাদকে ৩-০ গোলে হারানোর পর সর্বশেষ ম্যাচে ওসাসুনাকে উড়িয়ে দিয়েছে ৪-০ ব্যবধানে।
রক্ষণে বেশ শক্তিশালী অ্যাথলেটিকো। ছয় ম্যাচে মাত্র ছয় গোল হজম করেছে তারা। তিন ম্যাচে প্রতিপক্ষকে গোল করতে দেয়নি। তবে দলটির জন্য চিন্তার বিষয় হতে পারে চোট। জুলিয়ান আলভারেজ, পাবলো বারিওস ও আলেকজান্ডার সোরলোথকে নিয়ে ম্যাচের আগে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে। আলভারেজ চোটের কারণে সর্বশেষ ২ ম্যাচে খেলেননি। তার অনুপস্থিতিতে ওসাসুনার বিপক্ষে গোল করা জোনাথন ডেভিডের ওপর বাড়তি দায়িত্ব থাকবে।
রিয়ালও ৬ ম্যাচে ৫ জয় পেয়েছে। তাদের একমাত্র হার রিয়াল বেতিসের বিপক্ষে ১-০ গোলে। এরপর অবশ্য টানা ৩ ম্যাচে জয় পেয়েছে মরিনহোরর দল। চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানকে ২-১ এবং লা লিগায় রায়ো ভায়েকানোকে ৪-১ ও এলচেকে ৩-২ গোলে হারিয়েছে তারা। চোটের কারণে এ ম্যাচে রিয়াল পাবে না এডার মিলিতাও, রদ্রিগো ও ফেরলা মেন্দিকে। অন্যদিকে জুড বেলিংহাম ফিরছেন। মাঝমাঠে অরেলিয়েন চুয়ামেনি ও ফেদেরিকো ভালভার্দের সঙ্গে তার থাকার সম্ভাবনা রয়েছে। আক্রমণে ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপের ওপরই থাকবে বড় দায়িত্ব।
চলতি মৌসুমে এমবাপে ইতিমধ্যে ৭ গোল করেছেন। ক্লাব ক্যারিয়ারে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে তার অবদান এখন ৪৯৯। ডার্বিতে গোল কিংবা অ্যাসিস্ট করতে পারলেই ৫০০ গোল অবদানের মাইলফলক স্পর্শ করবেন ফরাসি তারকা। ভিনিসিয়ুস অবশ্য এখন পর্যন্ত মাত্র এক গোল করেছেন, তবে সতীর্থদের দিয়ে তিনটি গোল করিয়েছেন। অ্যাথলেটিকোর জোনাথন ডেভিডও থাকবেন আলোচনায়। ক্লাবটির হয়ে লা লিগায় নিজের প্রথম দুই ম্যাচেই গোল করেছেন কানাডিয়ান ফরোয়ার্ড। ডার্বিতে গোল করতে পারলে ২১ শতকে অ্যাথলেটিকোর হয়ে লিগে অভিষেকের পর টানা ৩ ম্যাচে গোল করা প্রথম খেলোয়াড় হওয়ার সুযোগ রয়েছে তার।
সাম্প্রতিক মুখোমুখিতে অবশ্য এগিয়ে রিয়াল। মার্চে সর্বশেষ লিগ ম্যাচে অ্যাথলেটিকোকে ৩-২ গোলে হারিয়েছিল তারা। তবে মাদ্রিদ ডার্বির ইতিহাসে ঘরের মাঠে অ্যাথলেটিকোর দাপটও কম নয়। মাদ্রিদের কমিউনিটির দলগুলোর বিপক্ষে নিজেদের মাঠে টানা ৬টি ডার্বিতে জিতেছে তারা। দুই কোচের দ্বৈরথও ম্যাচটির আলাদা আকর্ষণ। লা লিগায় মরিনহোর বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়ে তিনবারই হেরেছেন সিমিওনে। তবে এবার সাম্প্রতিক দুই জয়ের আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে সিমিওনে। বিপরীতে রিয়ালও জানে, বার্সেলোনার সঙ্গে শীর্ষস্থানীয় লড়াইয়ে থাকতে হলে এমন ম্যাচে পয়েন্ট হারানোর সুযোগ কম।
সময়ের আলো/প্রিন্ট/টিকে