ডিসেম্বরের মধ্যেই সংবিধান সংশোধন নিয়ে আলোচনা শেষ করে জাতীয় সংসদে রিপোর্ট দিতে চায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গঠিত বিশেষ সংসদীয় কমিটি। এ কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে প্রতি সপ্তাহে বৈঠকের পরিকল্পনার কথাও জানিয়েছেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে কমিটির দ্বিতীয় বৈঠক শেষে তিনি জানান, রাজনৈতিক দলগুলোর পাশাপাশি আন্দোলনে যুক্ত সংগঠন, শহীদ পরিবারের সদস্য, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হবে।
জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী ২৬টি রাজনৈতিক দল ও জোটকে বৈঠকে আমন্ত্রণ জানানো হলেও সরাসরি অংশ নেয় ১৫টি দল। একটি দল লিখিত বক্তব্য দিয়েছে এবং আরেকটি দলের প্রতিনিধি শেষ মুহূর্তে অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি। সব মিলিয়ে ১৭টি দলের অংশগ্রহণের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, সনদে যেসব বিষয়ে রাজনৈতিক ঐকমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সংবিধান সংশোধনের পাশাপাশি আইন, বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়নযোগ্য বিষয়গুলোও এগিয়ে নেওয়া হবে।
নোট অব ডিসেন্ট থাকা বিষয়গুলোও আলোচনায় থাকবে। বিশেষ করে ১০০ সদস্যের উচ্চকক্ষ গঠনের পদ্ধতি নিয়ে বিভিন্ন দলের প্রস্তাব বিবেচনা করা হবে বলে জানান তিনি।
বিরোধী দল কমিটিতে অংশ না নিলেও প্রক্রিয়াটি একপাক্ষিক নয় দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষর না করা দলসহ নিবন্ধিত ও অনিবন্ধিত রাজনৈতিক দলগুলোও লিখিত প্রস্তাব দিতে পারবে।
সময়ের আলো/এমকে