রাজধানীর আজিমপুরে গভীর রাতে একটি বাসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে আমিনুল ইসলাম শাওন (৪০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ। সোমবার (২০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
লালবাগ থানা পুলিশ জানায়, রোববার দিবাগত রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে আজিমপুর মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানের (মেটারনিটি হাসপাতাল) সামনের ওভারব্রিজের নিচে রাখা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেন শাওন।
এ সময় বাসের কর্মী ও স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে টহল পুলিশও দ্রুত সেখানে পৌঁছে তাকে আটক করে।
পুলিশের উপস্থিতিতে আটকের পর উত্তেজিত জনতা শাওনকে মারধর করে। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
সময়ের আলো/এমকে