সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তাদের ভাষ্য, রোববার দুপুরে গাজী নজরুল ইসলাম তার দুই স্ত্রীকে নিয়ে একসঙ্গে খাবার খান। পরে বিকেল সাড়ে ৩টার দিকে তারা আলাদা কক্ষে চলে যান।
নাম প্রকাশ না করার শর্তে ঘটনাস্থলে দায়িত্ব পালন করা এক পুলিশ সদস্য জানান, বিকেল ৫টার পর মরিয়মকে ডাকতে গিয়ে তার কক্ষের দরজা বন্ধ পান গাজী নজরুল ইসলাম। পরে জানালা দিয়ে ভেতরে তাকিয়ে মরিয়মকে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন তিনি। এরপর থানায় খবর দেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় শেরেবাংলা নগর থানা পুলিশ। সেখানে পুলিশ, এসআরবি, পিবিআই, সিআইডিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
গত জুলাইয়ে গাজী নজরুল ইসলামের সঙ্গে মরিয়ম খাতুনের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে নিয়ে আলোচনা শুরু হয়। ভিডিওগুলো প্রকাশ্যে আসার পর তার কয়েকজন সমর্থক এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করেন।
তবে পরদিন কয়েকটি ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় বলে জানায়। এ নিয়ে বিতর্কের মধ্যেই গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতিতেই সম্প্রতি মরিয়মকে বিয়ে করেছেন বলেও দাবি করেন তিনি।
পরে মরিয়ম খাতুনের একটি বায়োডাটা প্রকাশ্যে এলে বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে। বিয়ের দাবি করা তারিখের পাঁচ দিন পর তৈরি ওই বায়োডাটায় মরিয়মের বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ লেখা ছিল। একই বায়োডাটায় গাজী নজরুল ইসলামের ‘জোর সুপারিশ করছি’ লেখা একটি স্বাক্ষরও দেখা যায়। এরপর চাকরির প্রলোভন দেখানো বা অনৈতিক সম্পর্কের অভিযোগ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।
ভিডিও ছড়িয়ে পড়ার পর ২২ জুলাই গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়, সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি নির্বাচন কমিশনকেও জানানো হয়।
সময়ের আলো/এসএকে