জ্বালানি তেলের দাম বাড়ার পর রাজধানীতে বাসভাড়া বাড়ানো হবে কি না, তা নিয়ে অপেক্ষায় রয়েছেন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। সোমবার (২১ সেপ্টেম্বর) রায়েরবাগ থেকে গুলিস্তান, পল্টন ও আশপাশের বিভিন্ন রুট ঘুরে জানা গেছে, এখনো আগের ভাড়াতেই যাত্রী পরিবহন করা হচ্ছে।
রায়েরবাগ-গুলিস্তান রুটের রজনীগন্ধা পরিবহনের চালক মো. সিফাত বলেন, তেলের দাম বেড়েছে, এটা আমরা জানি। কিন্তু, এখনো ভাড়া বাড়ানোর কোনো নির্দেশনা পাইনি। মালিকপক্ষ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিলে তখন নতুন ভাড়া কার্যকর হবে।
তিনি বলেন, বর্তমান ভাড়ায় বাস চালিয়ে আয়-ব্যয়ের হিসাব মেলানো কঠিন হয়ে পড়ছে। তেলের খরচ বেড়েছে, গাড়ির রক্ষণাবেক্ষণ খরচও আছে। তবে, যাত্রীদের ওপর বাড়তি চাপ পড়ুক, সেটাও আমরা চাই না।
পরিবহন শ্রমিকদের ভাষ্য, মালিকপক্ষ বা সংশ্লিষ্ট সমিতির সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার নির্দেশনা নেই। শ্রাবণ, ঠিকানা ও সময় পরিবহনের কর্মীরাও জানিয়েছেন, আপাতত আগের ভাড়াই নেওয়া হচ্ছে।
তবে জ্বালানির দাম বৃদ্ধিতে দৈনিক পরিচালন ব্যয় বেড়েছে বলে জানিয়েছেন পরিবহনসংশ্লিষ্টরা। অন্যদিকে, যাত্রীদের আশঙ্কা, বাসভাড়া বাড়লে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি খরচের সঙ্গে তাদের যাতায়াত ব্যয়ও আরও বাড়বে।
যাত্রীরা ভাড়া বাড়ানোর ক্ষেত্রে নির্ধারিত হার নিশ্চিত করা এবং ইচ্ছেমতো অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবি জানিয়েছেন। এখন মালিকপক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছেন পরিবহন শ্রমিক ও যাত্রীরা।
সময়ের আলো/এমকে