এডিস মশাবাহিত ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে তিন মাসব্যাপী ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইন শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক কনটেন্ট তৈরির পাশাপাশি প্রচারে সাধারণ নাগরিক, তরুণ ও কনটেন্ট ক্রিয়েটরদের যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
সোমবার (২১ সেপ্টেম্বর) এক বার্তায় তিনি বলেন, কেবল প্রশাসনিক উদ্যোগ বা কীটনাশক ছিটিয়ে ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব নয়, এর জন্য প্রয়োজন প্রতিটি মানুষের ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক প্রভাবকে কাজে লাগিয়ে ডেঙ্গু প্রতিরোধের জরুরি তথ্য দ্রুত মানুষের কাছে পৌঁছানো সম্ভব। এ জন্য কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের রিলস, স্টোরি, ভিডিও, ইনফোগ্রাফিক ও পোস্ট তৈরির আহ্বান জানান তিনি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এরই মধ্যে বেশ কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর এই প্রচারে যুক্ত হয়েছেন।
ড. মুহিত জানান, জমে থাকা পানি পরিষ্কার রাখা, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার মতো গুরুত্বপূর্ণ বার্তা সহজ ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে।
আগামী তিন মাস বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ডেঙ্গু প্রতিরোধের তথ্য ছড়িয়ে দিতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সময়ের আলো/এমকে