দুবাইয়ের শাসকের ছোট ভাই শেখ আহমেদ বিন রাশিদ আল মাকতুম সোমবার সকালে মারা গেছেন। তার মৃত্যুর পর দুবাইয়ে ১০ দিনের সরকারি শোক ঘোষণা করা হয়েছে। দুবাইয়ের শাসকের আদালত এ ঘোষণা দিয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই ১০ দিনের শোক চলাকালে পুরো আমিরাতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
ভাইয়ের মৃত্যুতে শেখ মোহাম্মদের শোক
শেখ আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার বড় ভাই, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি তার ভাইয়ের জন্য দোয়া করেন।
শেখ মোহাম্মদ লেখেন, আল্লাহ শেখ আহমেদ বিন রাশিদ আল মাকতুমের প্রতি রহম করুন। আমার ভাই, আল্লাহ আপনার প্রতি রহম করুন। আপনি এখন আমাদের দয়ালু ও সর্বশক্তিমান প্রভুর কাছে রয়েছেন।
তিনি আরও লেখেন, আহমেদ, তুমি আমাদের চোখের আড়ালে চলে গেছ, কিন্তু আমাদের দোয়া ও হৃদয় থেকে কখনো হারিয়ে যাবে না।
শেখ মোহাম্মদ তার ভাইয়ের জন্য জান্নাতের স্থান কামনা করেন। একই সঙ্গে তার পরিবার ও স্বজনদের এই কঠিন সময়ে ধৈর্য ও সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেন।
তিনি বার্তার শেষে লেখেন, নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং তার কাছেই আমাদের ফিরে যেতে হবে।
চাচার মৃত্যুতে শেখ হামদানের শোক
দুবাইয়ের ক্রাউন প্রিন্স, সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমও তার চাচার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
তিনি শেখ আহমেদের জন্য আল্লাহর কাছে রহমত ও ক্ষমা প্রার্থনা করেন। পাশাপাশি তার কবরকে সম্মানিত করা এবং তাকে সব গুনাহ থেকে পবিত্র করার জন্য দোয়া করেন।
শেখ হামদান তার চাচার পরিবার ও স্বজনদের জন্যও শোক ও ধৈর্যের এই সময়ে আল্লাহর সাহায্য কামনা করেন।
সময়ের আলো/ইউএমএইচ